ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের হয়তো পিকঅ্যাক্সে হামলা চালাতে হতে পারে। আমরা চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যেই এটি করতে পারি। যেকোনো সময়, যখনই চাইব।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত আবারও পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সেই সম্ভাবনাও উড়িয়ে দেননি।

তিনি বলেন, তারা যদি কোনো চুক্তিতে না আসে, তাহলে এমনটা ঘটতে পারে। তবে তারা খুব ভালোভাবেই একটি চুক্তি করতে চায়। আমাদের মধ্যে সমঝোতা হওয়ার যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প আরও বলেন, আমি যদি একটি চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে সেটিই করতে চাইব। এতে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে।

মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালিতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদের ওপর ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পর ইরানের লক্ষ্যবস্তুতে এসব ‘সীমিত প্রতিরক্ষামূলক’ হামলা চালানো হয়।

—জা.অর্থনীতি/জেআরটি