আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর ইতিমধ্যে সমঝোতা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে ট্রাম্পের এ সংক্রান্ত বক্তব্যের তথ্য প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন, কৌশলগত অংশীদার হিসেবে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বছরে প্রায় ৪ বিলিয়ন (৪০০ কোটি) মার্কিন ডলারের সামরিক সহায়তা প্রদান করে আসছে।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সামরিক সহায়তা প্রত্যাহারের বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে কয়েক মাস আগেই একটি চুক্তি হয়েছে। সমঝোতার বিবরণ দিয়ে তিনি বলেন, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে আর কোনো আর্থিক বা সামরিক সহায়তা না দেওয়ার ব্যাপারে উভয় পক্ষ আগেই একমত হয়েছে। তবে তিনি এটিও স্পষ্ট করেন যে ভবিষ্যতে কোনো বাস্তব পরিস্থিতিতে ইসরায়েলের প্রয়োজন দেখা দিলে যুক্তরাষ্ট্র অবশ্যই তাদের পাশে দাঁড়াবে।
দীর্ঘদিনের এই মার্কিন সহায়তা বন্ধের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প জানান, ইসরায়েলের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা বিবেচনায় এই মুহূর্তে তাদের আর ওয়াশিংটনের সহায়তার কোনো প্রয়োজন নেই। এ প্রসঙ্গে তিনি সরাসরি মন্তব্য করেন, তাদের যদি এখনো এই সহায়তার প্রয়োজন থাকত, তবে তিনি নিজেই তা অব্যাহত রাখার নির্দেশ দিতেন।
জেএ/অভি
