সিলেট বোর্ডে পাসের হার ৫০.৯০%, ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন
ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ। গত ১৩ বছরের মধ্যে এটি সিলেট বোর্ডের সর্বনিম্ন পাসের হারের রেকর্ড। এ বছর বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফলের এ তথ্য নিশ্চিত করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস বেগম।

আরও পড়ুন: কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ ১,৩১৩

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর সিলেট বোর্ডের অধীনে বিভাগের চার জেলা থেকে মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছর (২০২৫) সিলেট বোর্ডে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী। সেই তুলনায় এক বছরের ব্যবধানে পাসের হার সামান্য হ্রাস পাওয়ার পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৯৮ জন।

আরও পড়ুন: যশোর বোর্ডে ৪ বছরের সর্বনিম্ন ফল, ১৬ প্রতিষ্ঠানে সবাই ফেল

বোর্ডের বিগত বছরগুলোর তথ্যমতে, ২০২৪ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। এ ছাড়া ২০২৩ সালে ৭১ দশমিক ৬২, ২০২২ সালে ৮১ দশমিক ৪০, ২০২১ সালে ৯৪ দশমিক ৮০ এবং ২০২০ সালে পাসের হার ছিল শতভাগ। এর পূর্বে ২০১৯ সালে ৬৭ দশমিক ০৫ শতাংশ, ২০১৮ সালে ৭৩ দশমিক ৭, ২০১৭ সালে ৭২, ২০১৬ সালে ৬৮ দশমিক ৫৯, ২০১৫ সালে ৭৪ দশমিক ৫৭ এবং ২০১৪ সালে পাসের হার ছিল ৭৯ দশমিক ১৬ শতাংশ।

আরও পড়ুন: বরিশাল বোর্ডে পাসের হার ৪৫ শতাংশের নিচে, কমেছে জিপিএ-৫

ফলাফলের পর্যালোচনায় বোর্ড সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিকের (এসএসসি) ফলাফলের ভিত্তিতে 'অটোপাস' বা শতভাগ উত্তীর্ণ ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০২১ সালেও সংক্ষিপ্ত সিলেবাস ও পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নম্বর সমন্বয় করে ফলাফল রূপায়ন করায় পাসের হার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল।

তবে সাধারণ সিলেবাস ও বস্তুনিষ্ঠ মূল্যায়নে এ বছর পাসের হার ও জিপিএ-৫- উভয় সূচকেই সিলেট বোর্ডের ফলাফলে নিম্নমুখী প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে।  

—জা. অর্থনীতি/এলএটি