খাগড়াছড়ি প্রতিনিধি: পাহাড়ের আঁকাবাঁকা ও দুর্গম ট্রেইলে খাগড়াছড়িতে প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক মানের ১০০ কিলোমিটারের আল্ট্রা ট্রেইল ম্যারাথন ‘অ্যালবাট্রস আল্ট্রেইল-২০২৬’। উঁচু-নিচু পাহাড় আর আঁকাবাঁকা পাহাড়ি মেঠোপথ পেরিয়ে দৌড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যাথলেটরা। দেশি-বিদেশি অ্যাথলেট ও পর্যটকদের পদচারণায় এখন উৎসবমুখর খাগড়াছড়ির পাহাড় ও সবুজ জনপদ।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ির অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট মায়াবিনী লেক থেকে ১০০ কিলোমিটার ক্যাটাগরির দৌড়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা ঘটে। পরবর্তীতে শনিবার (৩১ অক্টোবর) ভোর ৬টায় শুরু হয় ৫০ ও ৩৩ কিলোমিটার ক্যাটাগরির প্রতিযোগিতা।
পাহাড়ের দুর্গম ট্রেইলে দীর্ঘ দূরত্বের এই চ্যালেঞ্জিং দৌড় ঘিরে স্থানীয় অধিবাসীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল ও উদ্দীপনা। অ্যাথলেটদের সুসংগঠিত অংশগ্রহণ উপভোগ করছেন পাহাড়ি জনপদের মানুষ। এর পাশাপাশি স্থানীয় তরুণদের মাঝেও এমন অ্যাডভেঞ্চারভিত্তিক খেলায় অংশ নেওয়ার প্রবল আগ্রহ তৈরি হচ্ছে।
আয়োজক সূত্র জানায়, সারা দেশ থেকে মোট ১৮৫ জন পেশাদার ও উদীয়মান অ্যাথলেট এই আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিয়েছেন।
আন্তর্জাতিক মানের এই দূরপাল্লার ট্রেইল ম্যারাথন আয়োজনের প্রধান উদ্যোক্তা ও 'ফাউন্ডার্স রান বাংলাদেশ'-এর পরিচালক মরিয়ম তাবাসসুম জানান, খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পাহাড়ি অঞ্চলকে বিশ্বমঞ্চে তুলে ধরাই তাঁদের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, "খাগড়াছড়িতে প্রথমবারের মতো আমরা আন্তর্জাতিক মানের আল্ট্রা ট্রেইল ম্যারাথনের আয়োজন করেছি। মূল উদ্দেশ্য হলো পার্বত্য খাগড়াছড়ির অপার পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়া এবং পাহাড়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসের বিস্তার ঘটানো। এ ধরনের ধারাবাহিক আয়োজন খাগড়াছড়ির পর্যটন শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং পাহাড়ে ক্রীড়া পর্যটনের (স্পোর্টস ট্যুরিজম) স্থায়ী ভিত্তি স্থাপন করবে।"
আয়োজকদের ঘোষিত সময়সূচি অনুযায়ী, শনিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিক সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার যবনিকা ঘটবে।
সংশ্লিষ্টদের মতে, প্রকৃতির অপরূপ রূপ ও রূপসী পাহাড়ের মেঠোপথকে আন্তর্জাতিক অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে তুলে ধরতে ‘অ্যালবাট্রস আল্ট্রেইল-২০২৬’ অনন্য ভূমিকা রাখবে। এই ধরনের উদ্যোগ নিয়মিত হলে খাগড়াছড়ি শুধু সাধারণ ভ্রমণপিপাসুদের কাছেই নয়, বরং বিশ্বজুড়ে দূরপাল্লার ট্রেইল রানার ও অ্যাডভেঞ্চার ক্রীড়াবিদদের অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত হবে।
—জা. অর্থনীতি/এলএটি
