নিজের এআই প্রযুক্তির ধাক্কায় ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল

আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে এগিয়ে থাকার লড়াইয়ে এবার বড় আর্থিক চাপে পড়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। নিজস্ব এআই সার্চ ব্যবস্থার কারণে প্রচলিত সার্চ বিজ্ঞাপন থেকে আয় কমার আশঙ্কায় একদিনেই প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে হারিয়ে গেছে ৫০০ বিলিয়ন ডলারের বেশি।

বুধবার প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে অ্যালফাবেট জানায়, গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বর শেষে তিন মাসে তাদের মোট আয় ২৫ শতাংশ বেড়ে ১২৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিজ্ঞাপন খাতে প্রত্যাশার তুলনায় কম আয় বিনিয়োগকারীদের হতাশ করেছে।

প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানান, কথোপকথনের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়া গুগলের ‘এআই মোড’ প্রচলিত সার্চ ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপনের আয় কমিয়ে দিচ্ছে। তবে এআইনির্ভর সার্চ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী।

আর্থিক প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার অ্যালফাবেটের শেয়ারের দাম ১২ শতাংশের বেশি কমে ছয় মাসের সর্বনিম্ন পর্যায়ে নামে। দিন শেষে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৩ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার থেকে কমে ৩ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলারে দাঁড়ায়।

এদিকে এআই খাতে বিপুল বিনিয়োগ অব্যাহত রেখেছে অ্যামাজন ও মাইক্রোসফটও। অ্যামাজনের শেয়ার প্রায় ৬ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির আয় ১১ শতাংশ বেড়ে ২০১ বিলিয়ন ডলার হলেও নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ঋণাত্মক ৪২ বিলিয়ন ডলারে।

অন্যদিকে মাইক্রোসফটের আয় ১৯ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৩ বিলিয়ন ডলার হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের প্রকৃত আর্থিক সুফল কতটা পাওয়া যাবে, সেটিই এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় প্রশ্ন।

জা.অর্থনীতি/এসআই