আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ভার্চুয়াল তারকাদের ঘিরে এবার নতুন বিতর্ক। চীনের এআইনির্ভর কে-পপ গার্ল ব্যান্ড ‘বেবিকুইন’-এর এক সদস্য অন্তঃসত্ত্বা হওয়ায় গান থেকে বিরতি নিচ্ছেন-এমন ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েছে ব্যান্ডটি। পরে পুরো ঘটনাটিকে কাল্পনিক বলে স্বীকার করে ক্ষমা চেয়েছেন এর নির্মাতারা।
২০২৫ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করা ভার্চুয়াল ব্যান্ডটির পাঁচ সদস্যের একজন মিটি। সম্প্রতি ব্যান্ডের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে মিটির নামে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে এবং বিশ্রামের জন্য তিনি সাময়িকভাবে সংগীতজগৎ থেকে বিরতি নিচ্ছেন।
বিবৃতিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েক লাখবার দেখা হয় পোস্টটি। বিষয়টি নিয়ে কে-পপ ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা ও সমালোচনা। কেউ সম্ভাব্য সন্তানের বাবা কে, তা নিয়ে ঠাট্টা করেন। আবার অনেকে অন্তঃসত্ত্বা হওয়া ও মাতৃত্বের মতো সংবেদনশীল বিষয়কে হাস্যরসের উপাদান বানানোর প্রতিবাদ জানান।
তীব্র সমালোচনার মুখে ব্যান্ডটির সদস্যরা জানান, মিটির অন্তঃসত্ত্বা হওয়ার পুরো ঘটনাটিই মনগড়া। অনলাইনে একাধিক চরিত্র পরিচালনা ও নিয়মিত নতুন বিষয় তৈরি করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন তারা। তাই একটি চরিত্র বাদ দেওয়ার পরিকল্পনা থেকেই এমন ঘোষণা দেওয়া হয়েছিল। এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন তারা।
ব্যান্ডটির নেপথ্যে থাকা নির্মাতাদের প্রত্যেকের বয়স ১৮ বছরের কম বলে জানা গেছে। তাদের দাবি, তারা কে-পপ ভালোবাসেন এবং এখনো পড়াশোনা করছেন।
এদিকে মিটি ভবিষ্যতে আবার ফিরতে পারে বলেও জানিয়েছে ব্যান্ডটি। অভিনয় কিংবা মাতৃত্ব ও শিশুদের নিয়ে বিষয়বস্তু তৈরির মাধ্যমেও চরিত্রটিকে ফিরিয়ে আনার সম্ভাবনার কথা বলা হয়েছে।
জা.অর্থনীতি/এসআই
