আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ইতোমধ্যে দেশটির আটটি প্রদেশে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। প্রতিবেশী দেশগুলোতেও ভাইরাসটির বিস্তার ঘটায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (৩০ অক্টোবর) ডিআর কঙ্গোর সরকারি তথ্য অনুযায়ী, ইবোলায় মৃত্যুর সংখ্যা ৫ হাজার অতিক্রম করেছে। চলতি বছরের মে মাসে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এটিই কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব।
এবারের সংক্রমণে উদ্বেগের বড় কারণ বিরল ‘বান্দিবুগিও’ ধরন। এই ধরনের বিরুদ্ধে অনুমোদিত কোনো চিকিৎসা কিংবা টিকা নেই। শনাক্তকরণে বিলম্ব, সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে আগের প্রাদুর্ভাবগুলোর তুলনায় এবার ভাইরাসটি দ্রুত ছড়িয়েছে।
কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটির বাইরে নাইজেরিয়া, কেনিয়া ও উগান্ডাতেও আক্রান্তের খবর পাওয়া গেছে। ফলে পশ্চিম ও পূর্ব আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চলতি বছরের প্রাদুর্ভাবকে ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ইবোলা সংক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলায় ২৮ হাজার ৬০০ জনের বেশি আক্রান্ত এবং ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ ভ্রমণ বিধিনিষেধ আরোপ করছে। সৌদি আরব কেনিয়ার সঙ্গে যাতায়াত সাময়িকভাবে স্থগিত করেছে। কেনিয়ার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধের পাশাপাশি গত ২১ দিনের মধ্যে আক্রান্ত দেশগুলোতে অবস্থান করা যাত্রীদের প্রবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
জা.অর্থনীতি/এসআই
