খাগড়াছড়ি প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) ২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসাইন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সঙ্গে নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
দুর্গম এ সীমান্ত এলাকায় টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা।
সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
খাগড়াছড়ি জেলায় বিজিবির দুটি সেক্টরের আওতায় সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা দিতে ইতিমধ্যে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি