আন্তর্জাতিক ডেস্ক: চারধাম ভ্রমণে গিয়ে আর বাড়ি ফেরা হলো না কর্নাটকের পাঁচ বন্ধুর। দীর্ঘদিনের বন্ধুত্ব আর একসঙ্গে ঘুরে বেড়ানোর অভ্যাস শেষ হলো মর্মান্তিক এক দুর্ঘটনায়। উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাঁচ বন্ধু ও পাইলট। নিহতদের মধ্যে দুজন আইনজীবী, একজন পুলিশ কর্মকর্তা, একজন ব্যবসায়ী এবং একজন ঠিকাদার।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উত্তরাখণ্ডের জোশীমঠের কাছে হাতি পর্বত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১টা ১২ মিনিটে বদরীনাথ থেকে পাঁচ বন্ধুকে নিয়ে দেহরাদুনের উদ্দেশে যাত্রা শুরু করে হেলিকপ্টারটি। দুই মিনিট পরই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিধ্বস্ত অবস্থায় হেলিকপ্টারটির সন্ধান মেলে। এতে পাঁচ যাত্রীর পাশাপাশি পাইলট হিমাংশু সবরওয়ালেরও মৃত্যু হয়।
নিহত পাঁচ বন্ধু হলেন অরুণ সালুঙ্কে, এইচ এস নটরাজ, কে সুধীর, শঙ্কর গৌড়া ও প্রতাপ গৌড়া। অরুণ কর্নাটক পুলিশের ২০০৭ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের ইনস্পেক্টর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সিআইডিতেও কাজ করেছেন।
নটরাজ ছিলেন টুমাকুরুর বাসিন্দা। তার মুরগির খামার ও কমিউনিটি হলের ব্যবসা ছিল। কে সুধীর ও শঙ্কর গৌড়া পেশায় আইনজীবী। অন্যদিকে প্রতাপ গৌড়া ছিলেন ঠিকাদার ও জমি ব্যবসায়ী। তার বাড়ি হাসান জেলায়।
বন্ধুদের এক ঘনিষ্ঠজন জানান, পাঁচজন সব সময় একসঙ্গেই ভ্রমণে যেতেন। মঙ্গলবার চারধাম যাত্রায় বেরিয়ে বৃহস্পতিবার বদরীনাথে পৌঁছান তারা। আবহাওয়া খারাপ থাকায় সেদিন ফিরতে পারেননি। শুক্রবার ফেরার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
জা.অর্থনীতি/এসআই
