আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ড রাজ্যে এক দিনেই পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে শনিবার (১০ অক্টোবর) রাতে উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শনিবার রাত ৮টা ৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বড় ধরনের কোনো বিপদের তথ্য জানানো হয়নি।
এর আগে একই দিন বিকেলে উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় ২ দশমিক ৮ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। ফলে শনিবার রাজ্যটিতে দুটি ভূকম্পন অনুভূত হয়। এর আগে গত ৬ অক্টোবর উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের কম্পন ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকাতেও অনুভূত হয়।
উত্তরাখণ্ড ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় সেখানে মাঝেমধ্যেই ভূকম্পন অনুভূত হয়। সাম্প্রতিক এই দুটি ভূমিকম্পের মধ্যে রাতের কম্পনটির মাত্রা তুলনামূলক বেশি ছিল। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এতে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
জা.অর্থনীতি/এসআই