স্পোর্টস ডেস্ক: নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দলের নতুন স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ২৬ সদস্যের দলে জায়গা হয়নি বেশ কয়েকজন তারকা ফুটবলারের। বাদ পড়াদের তালিকায় রয়েছেন অ্যালিসন বেকার, এদেরসন, মার্কিনিওস, ক্যাসেমিরো, এদের মিলিতাও ও লুকাস পাকেতার মতো পরিচিত মুখ।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন পাঁচ নতুন মুখ। প্রথমবারের মতো ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছেন আন্দ্রে লুইজ, মারলন গোমেস, জনাথন জেসুস, অ্যালিসন সান্তানা ও অ্যালান। নতুনদের অন্তর্ভুক্তি নিয়েই এবারের দল ঘোষণা ঘিরে তৈরি হয়েছে বাড়তি আলোচনা।
নতুনদের মধ্যে মারলন গোমেস ও অ্যালিসন সান্তানার বয়সভিত্তিক পর্যায়ে ব্রাজিলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। মারলন খেলেছেন অলিম্পিক দলে, আর অ্যালিসন ছিলেন অনূর্ধ্ব-২০ দলে। দুজনই বর্তমানে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কে খেলছেন। এ ছাড়া আন্দ্রে লুইজ খেলেন করিন্থিয়াসে, জনাথন জেসুস ক্রুজেইরোতে এবং অ্যালান রয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে।
আগামী ১৪ নভেম্বর সিঙ্গাপুরে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৭ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের ২৬ সদস্যের দল
গোলরক্ষক: বেন্তো, লুকাস পেরি ও মরিস্কো।
ডিফেন্ডার: আর্থুর দিয়াস, কার্লোস অগাস্তো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, জাইর কুনহা, জনাথন জেসুস, ভেন্ডারসন, ভিতর রেইস ও ওয়েসলে।
মিডফিল্ডার: আন্দ্রে লুইজ, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, গ্যাব্রিয়েল বনটেম্পো, জোয়াও গোমেস ও মারলন গোমেস।
ফরোয়ার্ড: অ্যালিসন সান্তানা, অ্যালান, এন্দরিক, এস্তেভাও, রাফিনহা, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।
—জা.অর্থনীতি/জেআরটি
