জাতীয় অর্থনীতি স্পোর্টস: বিসিবির নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির প্লেয়ার্স নিলামে রেকর্ড ২ কোটি ৩০ লাখ পয়েন্টে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন পেসার শরিফুল ইসলাম। তবে দল পাননি অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন।
সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত এই নিলামে টাকার অঙ্কের ছড়াছড়ি না থাকলেও পয়েন্টের লড়াইয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তীব্র উন্মাদনা দেখা গেছে। সিটিজেনস ব্যাংক রেকর্ড মূল্যে শরিফুলকে দলে ভেড়ানোর পর, ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিন আহমেদকে নিয়েছে ওয়ালটন। এছাড়া ২ কোটি পয়েন্টে তানজিদ হাসান তামিম এবং ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে নাজমুল হোসেন শান্তকে দলে ভিড়িয়েছে ফরচুন। টুর্নামেন্টের অন্যতম বড় চমক ছিলেন নাসির হোসেন, যিনি কোনো ফ্র্যাঞ্চাইজির দল পাননি; ফলে তার ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ কেবল জাতীয় ক্রিকেট লিগেই সীমাবদ্ধ রইল।
১০ কোটি পয়েন্টের নির্দিষ্ট বাজেটে সাজানো এই টুর্নামেন্টে ৬টি দল অংশ নিচ্ছে—ফরচুন, ওয়ালটন, ব্লুস্টার, সেভেন রিংস সিমেন্ট, একমি ও সিটিজেনস ব্যাংক।
আগামী ১৫ ডিসেম্বর বরিশালের মাঠে টি-টোয়েন্টি সংস্করণের মধ্য দিয়ে শুরু হবে ৪২ ম্যাচের এই মেগা টুর্নামেন্ট। তিন সংস্করণের এই প্রতিযোগিতায় ক্রিকেটারদের জন্য ম্যাচ ফি নির্দিষ্ট করা হয়েছে।
জা. অর্থনীতি/এআর