লাইভে এসে বিএনপির সমালোচনা, পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা

জাতীয় অর্থনীতি অনলাইন: ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের সমালোচনামূলক মন্তব্য করার পর সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

সাথী আক্তার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক।

এর আগে রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচারে এসে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সরাসরি সম্প্রচারে সাথী আক্তার দাবি করেন, সম্প্রতি তার দুটি শোরুম এবং আশপাশের কয়েকটি দোকান থেকে বিদ্যুতের তার, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তারসহ বিভিন্ন জিনিস চুরি হয়েছে। এ ছাড়া তার বাসা থেকেও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলেও জানান এই উদ্যোক্তা।

ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘সব হারিয়ে আজ পাগল হওয়ার মতো অবস্থা। কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম!’

সরাসরি সম্প্রচারে ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশের পাশাপাশি বিএনপি সরকারের সমালোচনা করেন তিনি। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে জানা গেছে।

রাতে স্থানীয় লোকজন ও রাজনৈতিক কর্মীরা সাথী আক্তারের পার্লারে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পার্লারে ভাঙচুরের আশঙ্কায় স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে হেফাজতে নিয়ে থানায় যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিউটি পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নারীকে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, ‘ফেসবুকে লাইভ বা সমালোচনার জের ধরেই হয়তো স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সাধারণ মানুষের বাকস্বাধীনতা বা সমালোচনার অধিকার থাকলেও উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে আমরা তাকে হেফাজতে নিয়েছি।’

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

তবে সাথী আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো আইনি অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা পুলিশি বক্তব্যে স্পষ্ট করা হয়নি।

—জা. অর্থনীতি/এএইচএ