জাতীয় অর্থনীতি সারাবাংলা: ময়মনসিংহের ভালুকায় ১৩ বছরের কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার গুরুতর অভিযোগে পিতা আব্দুল মোতালেককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং শনিবার (১০ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে বিচারিক কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল মোতালেক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। গত ২২ মে তার বাবা তাকে ভালুকার ভাড়া বাসায় নিয়ে আসেন। পরবর্তীতে প্রায় এক মাস পর, ২৫ জুন তাকে পুনরায় ঢাকায় কর্মস্থলে পৌঁছে দেওয়া হয়। এই সময়ের মধ্যে ভাড়া বাসায় মেয়েকে একা পেয়ে মোতালেক একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন।
সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে বাসার গৃহকর্ত্রীর সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী তার বাবার অমানবিক নির্যাতনের কথা বিস্তারিত প্রকাশ করে। বিষয়টি জানতে পেরে গৃহকর্ত্রী কৌশলে অভিযুক্ত বাবা-মাকে ডেকে এনে কলাবাগান থানা পুলিশের হাতে সোপর্দ করেন। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মোতালেক নিজের অপকর্মের কথা স্বীকার করেন।
পরবর্তীতে কলাবাগান থানা পুলিশ অভিযুক্তকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কিশোরীর মা অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানান।
ওসি জানান, আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী অন্তঃসত্ত্বা কিশোরীর ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও অন্যান্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি