বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ব্রহ্মপুত্র নদের উদীচী ঘাট এলাকায় একটি নৌকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ক্যাম্পাস পুলিশ ফাঁড়ির যৌথ দল।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদে বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তির নাম আব্দুল্লাহ। তিনি পেশায় একজন মাঝি এবং ব্রহ্মপুত্র নদে নৌকা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের এপার-ওপারের যাত্রী পারাপার করতেন। যাত্রী পারাপারের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পাসে মাদক সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, মাদকসেবীদের নৌকায় তুলে মাঝনদীতে নিয়ে নিরাপদে মাদক সেবনের সুযোগও করে দিতেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির জানান, "সম্প্রতি ক্যাম্পাসে মাদক ব্যবহার ও সরবরাহের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উদীচী ঘাটের খেয়া নৌকাগুলোকে মাদক বিক্রির মূল পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওই তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ নামে এক নৌকাচালককে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়।"
ক্যাম্পাস পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল হক জানান, প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সহযোগিতায় এই সফর অভিযান পরিচালনা করা হয়। আটক মাদক ব্যবসায়ীর কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এদিকে বাকৃবি ক্যাম্পাসে মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রক্টরিয়াল বডির অভিযানের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীসহ সকল অংশীজনের সক্রিয় সহায়তা ও তথ্য প্রয়োজন। মাদকের সরবরাহকারী ও সেবনকারী- উভয় চক্রকেই চিহ্নিত করে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
—জা. অর্থনীতি/এলএটি