খাতা-কলম ছাড়াই বালিতে অক্ষর লিখে শিশুদের পড়াচ্ছেন বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষাদানের জন্য দামি উপকরণ কিংবা আধুনিক সরঞ্জামই যে সব সময় প্রয়োজন হয় না, তা দেখিয়ে দিয়েছেন কেরলের এক বৃদ্ধা। বালি ও কাঠি ব্যবহার করে শিশুদের বর্ণমালা শেখানোর তার অভিনব পদ্ধতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশংসা করছেন নেটিজেনরা।

ইনস্টাগ্রামে ‘মম অফ সাফাচি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। এতে ‘আশাত্তি আম্মুম্মা’ নামে পরিচিত ওই বৃদ্ধাকে খোলা আকাশের নিচে কয়েকটি শিশুকে পড়াতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা একটি বালতিতে করে বালি নিয়ে শিশুদের সামনে বসেছেন। শিশুরা তার সামনে সারিবদ্ধভাবে বসে মনোযোগ দিয়ে তার কার্যক্রম দেখছিল। প্রথমে তিনি মাটিতে বালি ছড়িয়ে দেন। পরে কাঠি দিয়ে বালির স্তর সমান করে একটি টুলে বসেন।

এরপর কাঠি দিয়ে বালির ওপর বর্ণমালার বিভিন্ন অক্ষর লিখতে শুরু করেন তিনি। একই সঙ্গে অক্ষরগুলো কীভাবে টেনে লিখতে হয়, তা শিশুদের দেখিয়ে দেন। বৃদ্ধার দেখানো পদ্ধতি অনুসরণ করে শিশুরাও নিজেদের আঙুল দিয়ে বালির ওপর অক্ষর লেখার অনুশীলন করে।

খাতা-কলম কিংবা ব্ল্যাকবোর্ড-চকের পরিবর্তে সহজলভ্য উপকরণ ব্যবহার করে শিশুদের শেখানোর এই পদ্ধতি দর্শকদের নজর কেড়েছে। ভিডিওটির ক্যাপশনেও বৃদ্ধার প্রশংসা করা হয়েছে। সেখানে সাধারণ জিনিসকে কাজে লাগিয়ে কার্যকর শিক্ষার পরিবেশ তৈরির বিষয়টি তুলে ধরা হয়।

ভিডিওটির নিচে ইতিবাচক মন্তব্য করেছেন অনেকে। একজন মন্তব্যকারী বৃদ্ধার চেহারার প্রশংসা করেছেন। অন্য একজন বলেছেন, শিক্ষার জন্য সব সময় অর্থের প্রয়োজন হয় না। এ ধরনের পদ্ধতিতে কাগজের ব্যবহারও কমানো সম্ভব।

জা.অর্থনীতি/এসআই