রাবি স্টেশনে থামবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস, স্বস্তিতে শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে যাত্রাবিরতি করবে রাজশাহীগামী দুটি আন্তঃনগর ট্রেন-৭৩৪ নম্বর তিতুমীর এক্সপ্রেস এবং ৭৬১ নম্বর সাগরদাঁড়ি এক্সপ্রেস। দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর ট্রেন দুটির যাত্রাবিরতির সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালক সুপারিনটেনডেন্ট স্বাক্ষরিত পত্রেও ট্রেন দুটির যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, দীর্ঘ তিন দশকের বিভিন্ন আন্দোলন ও দাবির পর আমরা এ যাত্রাবিরতি পাচ্ছি। এ দাবির পক্ষে যারা আন্দোলন করেছেন, লেখালেখি করেছেন এবং নীরবে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন।

তিনি আরও জানান, তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ছাড়া রাতের অন্যান্য ট্রেনের ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল বাস চালু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সিদ্ধান্ত হয়েছে।

—জা. অর্থনীতি/এএইচএ