চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় কমানোর লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটিতে অবস্থান করবেন তিনি। সফরে দুই দেশের শীর্ষ বৈঠকের পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা এবং বিভিন্ন শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ঢাকার মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও জাপানের ঋণের সুদের হার কমানো। এ ছাড়া বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং মানবসম্পদ উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।

২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন তারেক রহমান। পরদিন বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার পাশাপাশি জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন তিনি। সফরের শেষ দিন নাগোয়ায় টয়োটা মোটর করপোরেশনের কারখানা পরিদর্শনের কথা রয়েছে।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, কৃষি, মৎস্যসম্পদ, দক্ষতা উন্নয়ন, বেসামরিক বিমান পরিবহন ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। এসব খাতে প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিন থেকে চারটি স্বাক্ষরিত হতে পারে।

এদিকে, ২০২৬-৩১ মেয়াদে ১২টি অগ্রাধিকার খাতে জাপানের সঙ্গে ১৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও সহযোগিতা প্যাকেজের প্রস্তাব প্রস্তুত করছে বাংলাদেশ। সফরে বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলোও গুরুত্ব পাবে।

জা.অর্থনীতি/এসআই