জাতীয় অর্থনীতি বিনোদন: মুক্তিযুদ্ধভিত্তিক ও কালজয়ী সাহিত্যনির্ভর চলচ্চিত্রের রূপকার, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৫তম জন্মবার্ষিকী আজ। ১৯৪১ সালের ২৩ অক্টোবর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই দূরদর্শী সেলুলয়েড প্রণেতা।
১৯৬১ সালে ফতেহ লোহানী ও ওবায়েদ-উল-হকের মতো প্রখ্যাত ব্যক্তিত্বদের সহকারী হিসেবে চলচ্চিত্রজগতে চাষী নজরুলের যাত্রা শুরু হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’ নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করে তিনি ইতিহাস সৃষ্টি করেন। পরবর্তীতে ‘সংগ্রাম’, ‘হাঙর নদী গ্রেনেড’ ও ‘মেঘের পরে মেঘ’-এর মতো মুক্তিযুদ্ধভিত্তিক মাস্টারপিস উপহার দেন তিনি।
শুধু যুদ্ধ নয়, সাহিত্য রূপায়ণেও তিনি ছিলেন অনন্য। ‘দেবদাস’, ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, ‘শুভা’ ও ‘শাস্তি’র মতো ধ্রুপদী সাহিত্যকে পর্দায় জীবন্ত রূপ দিয়েছেন এই মহান শিল্পী। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির চারবারের নির্বাচিত এই সভাপতি ২০১৫ সালের ১১ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
তার জন্মবার্ষিকীতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটসহ সর্বস্তরের চলচ্চিত্রপ্রেমীরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন এই পথিকৃৎকে।
জা. অর্থনীতি/এআর