ঋণ না পেয়ে গভীর রাতে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা যুবকের

জাতীয় অর্থনীতি, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঋণের চাপ সামলাতে ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে ব্যর্থ হন কাওসার আহমেদ (২৫)। এরপর চুরির পরিকল্পনা করে গভীর রাতে ব্যাংকে ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা করেন তিনি। তবে শেষ পর্যন্ত নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয় লোকজন ও টহল পুলিশের হাতে আটক হন ওই যুবক। অভিযোগ রয়েছে, ব্যাংকে ঢুকে তিনি নৈশপ্রহরীকে বেঁধে রেখেছিলেন।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোহাগী বাজারে অবস্থিত কৃষি ব্যাংকের একটি শাখায় এ ঘটনা ঘটে। আটক কাওসার উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে বিয়ে করা কাওসার ঋণের চাপে ছিলেন। ঘটনার রাতে তিনি ব্যাংকের বাইরের শাটার ও ভেতরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে একটি দরজা ঠেলে ঢুকে দায়িত্বে থাকা নৈশপ্রহরী মাজহারুল ইসলাম সাগরকে ছুরি দেখিয়ে জিম্মি করেন। এ সময় তিনি ব্যাংকের টাকা কোথায় রাখা আছে, তা জানতে চান। পরে নৈশপ্রহরীকে রশি দিয়ে বেঁধে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন।

নৈশপ্রহরী মাজহারুল ইসলাম সাগর জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় ওই যুবক ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে তাকে রশি দিয়ে বেঁধে ফেলেন। তবে হাত-পায়ের বাঁধন কিছুটা ঢিলেঢালা থাকায় কৌশলে নিজেকে মুক্ত করে নিচে নেমে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকার শুনে বাজারের পাহারাদার, টহল পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে কাওসারকে হাতেনাতে আটক করেন।

ব্যাংকটির ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, নিরাপত্তাকর্মীর সময়োপযোগী বুদ্ধিমত্তার কারণে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো অর্থ খোয়া যায়নি এবং ভল্টেরও কোনো ক্ষতি হয়নি। তবে ব্যবস্থাপকের দাবি, কাওসার এর আগে ঋণ নেওয়ার জন্য ওই ব্যাংকে কখনো আসেননি।

এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা মো. নাজমুল হক বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার প্রায় দুই লাখ টাকা ঋণ থাকার কথা স্বীকার করেছেন। বিয়ের সময় তিনি ওই ঋণ করেছিলেন বলে জানিয়েছেন। কৃষি ব্যাংক থেকে ঋণ পেতে ব্যর্থ হয়ে তিনি চুরির পথ বেছে নেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

—জা.অর্থনীতি/আরএস