রাশিয়ায় যুদ্ধে যোগ দিয়েছিলেন সাগর (ভিডিও)
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক: পরিবারের অভাব ঘোচানোর বুকভরা স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার তরুণ মো. সাগর। শুরুতে ভালোভাবেই চলছিল সবকিছু। একপর্যায়ে বেশি উপার্জনের লোভ আর দালালের প্রলোভন কেড়ে নিল তার পুরো জীবনটাই।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন ২৪ বছরের এই তরুণ। মৃত্যুর প্রায় চার-পাঁচ মাস পর সহযোদ্ধার ফোনকলে এই মর্মান্তিক খবর পেল তার পরিবার।

 

নিহত মো. সাগর কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার বাসিন্দা। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পরিবারের আর্থিক অনটন দূর করতে একসময় বাবার সবজি ব্যবসায় সহযোগিতা করতেন, কখনো চালাতেন রিকশাভ্যানও। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রায় ৬ লাখ টাকা খরচ করে ভাগ্য বদলের আশায় পাড়ি জমান রাশিয়ায়।

রাশিয়ার একটি বেকারিতে কাজ করার সময় এক বাংলাদেশি দালালের প্রলোভনে পড়েন সাগর। তাকে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে আরও বেশি অর্থ উপার্জনের স্বপ্ন দেখানো হয়। পরিবারের নিষেধ সত্ত্বেও শেষ পর্যন্ত চলতি বছরের মে মাসে যুদ্ধের ময়দানে চলে যান সাগর। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দীর্ঘ চার-পাঁচ মাস কোনো খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিল পরিবার। অবশেষ গত শনিবার এক সহযোদ্ধার ফোনকলে সাগরের মৃত্যুর সংবাদ পান স্বজনরা।

ছেলের মৃত্যুর খবরে একেবারে ভেঙে পড়েছেন সাগরের অসুস্থ বাবা কবির হোসেন ও মা দেলোয়ারা বেগম। ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠানো বাবা-মায়ের এখন একটাই আকুতি-শেষবারের মতো যেন তারা সন্তানের মরদেহটা ফিরে পান।

পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছে পুলিশ।

পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে বিদেশ যাওয়া সাগরের জীবন থেমে গেল যুদ্ধের ময়দানে।  

—জা. অর্থনীতি/এলএটি