জাতীয় অর্থনীতি বিনোদন: বিনোদন অঙ্গনে বিবাহবিচ্ছেদের পর অনেক নায়িকা ও মডেলের জনপ্রিয়তা, কাজের সুযোগ এবং অর্থনৈতিক সমৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় বলে মন্তব্য করেছেন মডেল ও অভিনেত্রী লিয়ানা লিয়া। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বিনোদন বিশ্বের বিচ্ছেদ, পরকীয়া এবং জটিল সম্পর্কের মনস্তত্ত্ব নিয়ে ক্ষোভ দেখিয়েছেন তিনি। তার এই মন্তব্য নতুন করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
লিয়ানা লিয়া তার ফেসবুক পোস্টে লেখেন: "আমাদের ইন্ডাস্ট্রিতে বিবাহবিচ্ছেদের পর নায়িকা ও মডেলদের অনেকের চাহিদা বেড়ে যায়। তারা আলোচনায় চলে আসেন, কাজ বাড়ে, আয় বাড়ে। নতুন গাড়ি, নতুন বাড়ি, অনেক ব্র্যান্ডের কাজ ও সিনেমায় সুযোগ পান।"
বিবাহবিচ্ছেদ যখন আলোচনার বিষয় হয়ে ওঠে, তখন দিন দিন বিবাহবিচ্ছেদের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে এটিও একটি কারণ হতে পারে। কারণ, বিবাহবিচ্ছেদের পর যদি এত সুবিধা পাওয়া যায়, তাহলে তো বিবাহবিচ্ছেদই ভালো!
কিছু নারী-পুরুষ বিবাহিত এবং সন্তান আছে, এমন মানুষদের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হন। তাদের সঙ্গে সম্পর্কে জড়াতেই হবে, তাদের সংসার ভাঙতেই হবে, এমন মানসিকতা কেন? এটা একেবারেই বাজে মানসিকতা। এটা খুবই দুঃখজনক এবং বর্তমানে আমাদের সমাজের একটি বাস্তবতা।
অবিবাহিতরা বিয়ে করার সাহস পাচ্ছেন না, আর বিবাহিতরা পরকীয়ায় জড়িয়ে বিবাহবিচ্ছেদের পর বিবাহবিচ্ছেদ করে জীবন উপভোগ করে যাচ্ছেন। এটা সবচেয়ে কুৎসিত প্রবণতা।"
প্রসঙ্গত, বর্তমান বিনোদন অঙ্গনসহ সার্বিক সমাজে বিবাহিতদের সংসার ভাঙার প্রবণতা এবং বিচ্ছেদ পরবর্তী এই সুবিধাভোগী মানসিকতাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে লিয়ানা লিয়ার এমন সরাসরি ও তীর্যক মন্তব্যে নেটিজেন ও অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জা. অর্থনীতি/এআর