চিত্রনাট্যকার রাকিব: পারবেন তো নিজের সমালোচনা সইতে?

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ইউটিউবার ও সিনেমা সমালোচক রাশেদুজ্জামান রাকিব (আরএনএআর) এবার চিত্রনাট্যকার হিসেবে পা রাখছেন ঢালিউডে। আর তার প্রথম গল্পের নায়ক ঢালিউড মেগাস্টার শাকিব খান! হিমেল আশরাফের পরিচালনায় ও ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘মহব্বত’।
এতদিন কড়া সমালোচকের চোখে অন্যের সিনেমার চুলচেরা বিশ্লেষণ করেছেন রাকিব। এবার তিনি নিজেই খাতা-কলম হাতে গল্প সাজাতে বসেছেন।

স্বাভাবিকভাবেই খবরটি আসার পর নেটিজেনদের মাঝে চরম কৌতুহল ও আলোচনা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা রসিকতা করে প্রশ্ন তুলছেন—যিনি এতদিন অন্যদের সিনেমার কট্টর সমালোচনা করেছেন, তিনি কি নিজের চিত্রনাট্য নিয়ে আসা সমালোচনা সহজে গ্রহণ করতে পারবেন?

তবে সমালোচনা নেওয়ার চ্যালেঞ্জ যাই থাকুক না কেন, এই তরুণ ও মেধাবী কনটেন্ট ক্রিয়েটরের প্রতি দর্শকদের প্রত্যাশাও আকাশচুম্বী। সবাই আশা করছেন, নিজের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকাই সিনেমাকে একটি মানসম্মত ও উপভোগ্য গল্প উপহার দেবেন রাকিব।

জা. অর্থনীতি/এআর