মৌলভীবাজার প্রতিনিধি: আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে পূজামণ্ডপগুলোতে শুরু হয়েছে উৎসবের আমেজ। নিজেকে রঙিন পোশাকে সাজাতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, মৌলভীবাজার জেলাসহ উপজেলার শমশেরনগর হামিদ এন্ড কালাম ব্রাদার্স সিটি সেন্টার, স্টেশন রোড, শমশেরনগর বাজার ও চৌমুহনীর বিভিন্ন মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
পূজা উপলক্ষে কাপড়ের দোকানগুলোতে নারীদের জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন রঙের থ্রি-পিস, জামদানি শাড়ি, কাতান শাড়ি, লেহেঙ্গা ও তাঁতের শাড়ি। ছেলেদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের পাঞ্জাবি, ধুতি, শার্ট ও জিন্স প্যান্ট।
স্কুলে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল
শমশেরনগর এমবি ক্লথ স্টোরের মালিক বিল্লাল হোসেন বলেন, এবার বেশ ভালোই বিক্রি হচ্ছে। গতবারের তুলনায় এবার আরও বেশি ক্রেতা পাচ্ছি। শেষ মুহূর্তে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।
রহিম ম্যানসন মার্কেটের বিচিত্রা ফ্যাশনে কেনাকাটা করতে আসা অনামিকা, সুজন, অনিক ও প্রীতি জানান, মা দুর্গাকে বরণ করতে লাল-সাদার সনাতনী সাজ অবশ্যই থাকবে, তবে তাতে আধুনিকতার ছোঁয়াও থাকা চাই।
শমশেরনগর প্রীতি ক্লথ স্টোরের মালিক প্রণীত রঞ্জন দেবনাথ জানান, পূজায় প্রতিবারের মতো এবারও শাড়ির চাহিদাই বেশি। তরুণীরা থ্রি-পিস, টপস এবং ছেলেরা পাঞ্জাবি-ফতুয়া কিনছেন।
এবারের পূজার বাজারে কাতান, কাঞ্চিভরম, ভয়েল ও সাদা-লাল পাড় শাড়ির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি, ফতুয়া ও জিন্স প্যান্ট বেশি চলছে।
—জা.অর্থনীতি/এনজে