সানজি গ্রুপের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাৎ, এজিএম গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সানজি গ্রুপ অব কোম্পানিজের ১৬ কোটি ৬২ লাখ ৪১ হাজার ২১৫ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার মূলহোতাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পার্থ সারথী হালদার (৪৩) সানজি গ্রুপ অব কোম্পানিজে সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বা এজিএম (ফাইনান্স) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়।

সিআইডি জানায়, প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে পার্থ সারথী হালদারসহ অন্যান্য অভিযুক্তরা পরস্পর যোগসাজশে বিভিন্ন কৌশলে কোম্পানির অর্থ আত্মসাৎ করেন। অভিযুক্তরা কোম্পানির মালিকের স্বাক্ষরযুক্ত খালি চেক ব্যবহার করে প্রাপকের নাম পরিবর্তন করে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর, গ্রাহকদের কাছ থেকে নগদ টাকা নিয়ে তা প্রতিষ্ঠানের হিসাবে জমা না দেওয়া এবং ব্যাংক ট্রান্সফার বা আরটিজিএসের মাধ্যমে ব্যক্তিগত হিসাবে অর্থ নেন। এছাড়া প্রতিষ্ঠানের সফটওয়্যারে ভুয়া খতিয়ান তৈরি করে গ্রাহকদের অর্থ জমা দেখানো হলেও ব্যাংক বিবরণী ও পার্টি লেজার পর্যালোচনায় তা ভুয়া প্রমাণিত হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাটারা থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

সিআইডির তদন্তে জানা যায়, পার্থ সারথী হালদার ব্যক্তিগত ব্র্যাক ব্যাংক হিসাবের মাধ্যমে ২ কোটি ২৭ লাখ ২২ হাজার ৮৯৭ টাকা আত্মসাৎ করেন। এছাড়া সানজি গ্রুপের অন্য প্রতিষ্ঠান পানামা সিএনজি কনভার্সন থেকেও একই কৌশলে ৬৫ লাখ ৭ হাজার ৯৫০ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা মিলেছে। এককভাবে চেক জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তিনি প্রায় ৯ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ৮৩৯ টাকা আত্মসাৎ করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পার্থ সারথী হালদার অপরাধের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। মামলাটির সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করতে এবং অর্থ লেনদেনের বিস্তারিত তথ্য উদ্‌ঘাটনে সিআইডির তদন্ত ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর দুপুরে ঢাকার শান্তিনগর মোড় এলাকা থেকে এ মামলার অপর দুই অভিযুক্ত— সাইফুল ইসলাম ওরফে জনি (৩৭) এবং সৈয়দ আরব আলীকে (৫২) গ্রেপ্তার করেছিল সিআইডি।

—জা. অর্থনীতি/এনজে