অনলাইন ডেস্ক: রাঙ্গামাটির কাপ্তাইয়ে দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ছাড়িয়েছে ৬ কোটি ৩৭ লাখ ইউনিট। ২০১৯ সালে চালু হওয়া কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুতের বাণিজ্যিক মূল্য প্রায় ৭৪ কোটি টাকা। উৎপাদন সক্ষমতা বাড়াতে সেখানে নতুন প্রকল্পের কাজও চলছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, ১৯৬২ সালে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পর বাঁধের পাশে প্রায় ২২ একর জমি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। এর মধ্যে ১৯ একর জমিতে প্রায় ১১১ কোটি টাকা ব্যয়ে ৭ দশমিক ৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়।
কেন্দ্রটির সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, সৌর বিদ্যুৎ উৎপাদনে পরিচালন ব্যয় তুলনামূলক কম। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাই মূল রক্ষণাবেক্ষণের কাজ। আবহাওয়া প্রতিকূল থাকলে উৎপাদন কিছুটা কমলেও তা পুরোপুরি বন্ধ হয় না।
কেন্দ্রটির সক্ষমতা বাড়াতে বর্তমান প্রকল্পের সঙ্গে আরও ১ মেগাওয়াট যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন ৭ দশমিক ৬ মেগাওয়াট ক্ষমতার একটি সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের প্রক্রিয়াও এগিয়ে চলছে। এ প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
সংশ্লিষ্টদের মতে, সৌর বিদ্যুৎ উৎপাদনে তেল, গ্যাস বা কয়লার প্রয়োজন হয় না। ফলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা ও আমদানি ব্যয় কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাসের সুযোগ রয়েছে। পাহাড়ের অব্যবহৃত জমি কাজে লাগিয়ে এ ধরনের প্রকল্প সম্প্রসারণ করা গেলে দেশের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
জা.অর্থনীতি/এসআই