পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ ও ১০৮৮ ভরি রুপা
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ক্যাম্পাস: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ ও ১ হাজার ৮৮ ভরি রুপা। দীর্ঘ ছয় বছরে জমা হওয়া এসব অলঙ্কারের ওজন ও মান যাচাই শেষে এগুলো নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে অলঙ্কারগুলোর ওজন নির্ধারণের তথ্য জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সকাল পৌনে ১০টা থেকে স্বর্ণের ক্যারেট যাচাই, অলঙ্কারের ওজন নির্ধারণ এবং বৈদেশিক মুদ্রা গণনার কাজ শুরু হয়। রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিছী জানান, বৈদেশিক মুদ্রা গণনা শেষ হতে রাত ৮টা পর্যন্ত সময় লাগতে পারে।

আরও পড়ুন: পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণালংকার, রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু

ট্রেজারিতে সংরক্ষিত নয়টি মাঝারি আকারের প্লাস্টিকের কনটেইনার ও ছয়টি সিলগালা করা খাম খুলে এসব সামগ্রী গণনা ও পরিমাপ করা হয়। স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণের পর নিলামে বিক্রি করা হবে। আর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।

পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত নয় সদস্যের উপকমিটির তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে। এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার ও ব্যাংক কর্মকর্তাদের পাশাপাশি জেলা জুয়েলারি সমিতির ১০ জন সদস্য সহযোগিতা করছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে ২০২০ সালের ১১ মার্চ দানসিন্দুকে পাওয়া ৪২০ ভরি স্বর্ণ ও ১৮৮ ভরি রুপার অলঙ্কার নিলামে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১১০ টাকায় বিক্রি করা হয়েছিল। ওই সময় প্রাপ্ত বৈদেশিক মুদ্রা বিক্রি করে আরও ৭০ লাখ টাকা পাওয়া যায়।

সর্বশেষ চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খুলে নগদ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা পাওয়া যায়। এরপর দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্ধারণের কার্যক্রম শুরু হয়। এ ছাড়া মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা অনুদান পাওয়া গেছে।

ঐতিহাসিক পাগলা মসজিদে দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীরা স্বর্ণ ও রুপার অলঙ্কার দান করেন। নির্দিষ্ট সময় পরপর দানবাক্স খুলে সংগৃহীত অর্থ ও সম্পদ মসজিদের তহবিলে জমা রাখা হয়।

—জা. অর্থনীতি/এলএটি