তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি পরীক্ষা ও বিশেষজ্ঞ স্বাস্থ্য পরামর্শ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার জাওয়ার রোডের বড় মহাজন বাড়ি সংলগ্ন ‘ভিশন সেন্টার’ কার্যালয়ে ময়মনসিংহের ধোপাখলাস্থ ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালিত প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রের উদ্যোগে এ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী এই চিকিৎসা শিবিরে তাড়াইলের দূরদূরান্ত থেকে আসা প্রায় অর্ধশতাধিক দরিদ্র ও প্রান্তিক চক্ষু রোগীকে বিনামূল্যে কম্পিউটারাইজড পদ্ধতিতে চোখ পরীক্ষা, চিকিৎসাপত্র প্রদান এবং চোখের ছানিসহ জটিল রোগের প্রাথমিক পরিচর্যার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যেসব রোগীর উন্নত চিকিৎসাও অস্ত্রোপচার প্রয়োজন, তাদের ময়মনসিংহ বিএনএসবি হাসপাতালে প্রেরণের বিশেষ পরামর্শ দেওয়া হয়।
উপকারভোগী রোগীরা জানান, গ্রামীণ এলাকায় বিশেষজ্ঞ চক্ষু ডাক্তারের সুবিধা সীমিত এবং অর্থনৈতিক অসচ্ছলতার কারণে সময়মতো চোখের পরীক্ষা করানো সম্ভব হয় না। বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত এবং স্থানীয় পর্যায়ে এমন মানবিক উদ্যোগ প্রতি বছর অব্যাহত রাখার দাবি জানান।
আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অন্ধত্ব দূরীকরণ ও চোখের যত্ন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আন্তর্জাতিক দৃষ্টি দিবসে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চোখে ঝাপসা দেখা, ছানি পড়া কিংবা কোনো ধরনের অস্বস্তি দেখা দিলে তা অবহেলা না করে নিকটস্থ অনুমোদিত ভিশন সেন্টারে যোগাযোগ করতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
—জা. অর্থনীতি/এলএটি