২৮০০ টাকায় কেনা চিত্রকর্ম ১৩ কোটিতে বিক্রি

অনলাইন ডেস্ক: মাত্র ৩০ ডলারে কেনা একটি পুরোনো চিত্রকর্ম আর সেটিই নিলামে বিক্রি হলো প্রায় ১৩ কোটি টাকায়! দীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় পর হঠাৎ খুঁজে পাওয়া গেল মার্কিন চিত্রশিল্পী গার্ট্রুড অ্যাবারক্রম্বির বিরল শিল্পকর্মটি। শুরুতে যার দাম অনুমান করা হয়েছিল কয়েক হাজার থেকে আড়াই লাখ ডলার, শেষ পর্যন্ত তা ছাড়িয়ে গেল ১৩ লাখ ডলার! একটি নামের সূত্র ধরেই সামনে এল শিল্পজগতের এমন এক বিস্ময়কর আবিষ্কার। মাত্র ৩০ ডলারের সেই ছবিতে কী ছিল, যা শেষ পর্যন্ত গড়ে দিল নিলামের নতুন রেকর্ড?

মাত্র ৩০ ডলারে কেনা একটি চিত্রকর্ম নিলামে বিক্রি হয়েছে ১৩ লাখ ৫২ হাজার ৬০০ ডলারে, যা প্রায় ১৩ কোটি টাকার সমান! দশকের পর দশক ধরে নিখোঁজ থাকা মার্কিন চিত্রশিল্পী গার্ট্রুড অ্যাবারক্রম্বির বিরল এই শিল্পকর্মটির নাম ‘অল্ডারম্যান মেরিয়ামস শেলস’। ১৯৫১ সালে আঁকা ছবিটি সম্প্রতি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে!

গাঢ় সবুজ পটভূমিতে নানা আকৃতির ঝিনুক নিয়ে আঁকা হয়েছে চিত্রকর্মটি। এর একটি অংশে কালচে আবহে ভাসমান অবস্থায় দেখা যায় একটি ঝিনুক। শিল্পবোদ্ধাদের মতে, ফাটল ধরা ঝিনুকের এই মোটিফ পরবর্তী সময়ে অ্যাবারক্রম্বির বিভিন্ন শিল্পকর্মেও ফিরে এসেছে। এটি তাঁর নিজস্ব শৈলীর একটি স্বাক্ষর।

১৯৫২ সালে মিশিগানের কালামাজু শহরের চিকিৎসক ডক্টর জন টি. রেনল্ডসকে চিকিৎসার ফি হিসেবে ছবিটি দেওয়া হয়েছিল! পরের বছর পর্যন্ত নিউইয়র্ক, শিকাগো, মিলওয়াকি ও ইভানস্টনের বিভিন্ন প্রদর্শনীতে এটি দেখানো হয়। এরপরই চিত্রকর্মটি হারিয়ে যায়।

দীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় পর ছবিটির সন্ধান মেলে একেবারে আকস্মিকভাবে। পুরোনো ভিনাইল রেকর্ড খুঁজতে কালামাজুর একটি এস্টেট সেলে গিয়েছিলেন এক সংগ্রাহক। সেখানে অবহেলায় পড়ে থাকা ছবিটির পেছনে ‘অ্যাবারক্রম্বি’ নামটি তাঁর নজরে আসে। ছবিটির গুরুত্ব বুঝতে পেরে মাত্র ৩০ ডলারে সেটি কিনে নেন তিনি। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ছবিটি ডক্টর রেনল্ডসের পরিবারের এস্টেটের অংশ ছিল।

পরে ছবিটি নিলাম সংস্থা ‘ফ্রিম্যান’-এর কাছে হস্তান্তর করা হয়। নিলামের আগে শিকাগোর ‘বমগার্টনার ফাইন আর্ট রেস্টোরেশন’ এ সংস্কার করা হয়। শুরুতে ছবিটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ১৫ হাজার থেকে আড়াই লাখ ডলার। কিন্তু শেষ পর্যন্ত বিক্রির অঙ্ক দাঁড়ায় ১৩ লাখ ৫২ হাজার ৬০০ ডলারে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই প্রথম অ্যাবারক্রম্বির কোনো চিত্রকর্ম নিলামে ১০ লাখ ডলারের বেশি দামে বিক্রি হলো। শিকাগোর শিল্প ও সংস্কৃতি জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অ্যাবারক্রম্বি জ্যাজ সংগীতচর্চার সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭৭ সালে তাঁর মৃত্যু হলেও তার কাজের মধ্য দিয়ে অমর হয়ে আছেন এই শিল্পী।

জা. অর্থনীতি/এনএ