জাতীয় অর্থনীতি সারাবাংলা: কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাং ও উঠতি বখাটেদের অপতৎপরতা রোধে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (১২ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় পরিচালিত এ বিশেষ অভিযানে মোট ৩৫৩ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের প্রত্যক্ষ নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এ ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে ১৮টি থানার পুলিশ সদস্যের পাশাপাশি জেলা ডিবির একাধিক চৌকস টিম ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে অংশ নেয়।
কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় কিশোর অপরাধী ও বখাটেদের আড্ডা বা উৎপাত বেশি-এমন চিহ্নিত হটস্পটগুলোতে সরাসরি তদারকি করে অভিযানে অংশ নেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, আটককৃত ৩৫৩ জনের প্রাথমিক পরিচয় ও অপরাধে সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে গ্যাং কালচার, মাদক বা সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ আরও উল্লেখ করে, অপ্রাপ্তবয়স্ক ও উদীয়মান তরুণদের অপরাধ পথ থেকে দূরে রাখতেই এ নিয়মিত নজরদারি। তবে অভিযানে যেন কোনো নিরপরাধ ব্যক্তি বা শিক্ষার্থী অযথা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে উচ্চপর্যায় থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
জেলায় কিশোর অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি