বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, ১ ভারতীয় আটক
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি সারাবাংলা: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া ছররা গুলিতে সাহাজুল (৪০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা দুই ভারতীয় নাগরিকের ওপর হামলা চালালে একজন আহত হন এবং অপরজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামালপুর সীমান্তের ১৫২/১০-এস আন্তর্জাতিক সীমান্ত পিলারসংলগ্ন শূন্যরেখার কাছে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল স্থানীয় সাবাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কৃষক সাহাজুল সীমান্তসংলগ্ন শূন্যরেখার কাছে মাঠে কাজ করছিলেন। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের একটি টহলদল তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে সাহাজুল কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

এদিকে গুলি চালানোর খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখা অতিক্রম করে মাঠের ভেতর থেকে দুই ভারতীয় নাগরিককে ধাওয়া করেন। এ সময় বিদ্বান বিশ্বাস নামের এক ভারতীয় নাগরিককে কুপিয়ে আহত করা হয় এবং কাজল ঘোষ (৩০) নামের অপরজনকে ধরে বিজিবির কাছে সোপর্দ করা হয়। আটক ও আহত ব্যক্তিদের বাড়ি ভারতের নদিয়া জেলার রায়ডাঙ্গা এলাকায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবিকেও ফাঁকা গুলি (উড়ো ফায়ার) করতে হয়। উত্তেজনাকর এই পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে নিজ নিজ অবস্থানে লাল পতাকা উত্তোলন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে এলাকাবসীকে অননুমোদিতভাবে সীমান্ত অতিক্রম বা অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি