রংমহল সীমান্তে আবারও ৬ জনকে বিএসএফের পুশ-ইনের চেষ্টা
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি সারাবাংলা: মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ ছয়জন নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা চালিয়ে আবারও ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর প্রতিরোধ ও সতর্ক অবস্থানের মুখে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে না পেরে শেষ পর্যন্ত নিজেদের সীমানায় ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।

রোববার (১১ অক্টোবর) ভোরের দিকে রংমহল সীমান্তের ১৩৭ নম্বর আন্তর্জাতিক সীমা পিলারসংলগ্ন এলাকা দিয়ে এ পুশইনের অপচেষ্টা চালানো হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফের সদস্যরা চারজন নারী ও দুইজন পুরুষসহ মোট ছয়জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় তাৎক্ষণিক ব্যারিকেড গড়ে তোলেন এবং বিএসএফের এই অন্যায় প্রবেশচেষ্টায় বাধা দেন।

পরবর্তীতে নো-ম্যান্স ল্যান্ড বা শূন্যরেখায় দাঁড়িয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে কথা হয়। বিজিবির অটল ও শক্ত অবস্থানের কারণে সকাল সাড়ে আটটার দিকে বিএসএফ সদস্যরা ওই ছয়জনকে ভারতীয় সীমানার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বেলাল হোসেন জানান, কুয়াশার সুযোগ নিয়ে ৬ জন মানুষকে সীমান্ত পার করার চেষ্টা করা হয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিজিবির টহল দল শক্ত প্রতিরোধ গড়ে তোলে, ফলে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সকাল সাড়ে ৮টার দিকে তাদের ফিরিয়ে নিয়ে যায়।

সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।  

—জা. অর্থনীতি/এলএটি