কালীগঞ্জে রান্নাঘর থেকে ৫৬ বস্তা সার উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে মজুদ করা ৫৬ বস্তা রাসায়নিক সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বাড়িতে বেআইনিভাবে সার সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতি হাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, বৈরাতি হাজিরহাট গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে সার মজুদ করে কালোবাজারির অপচেষ্টা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে তার বসতবাড়ির রান্নাঘরের ভেতর থেকে গোপন অবস্থায় রাখা ৫৬ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সারের মধ্যে ছিল ৪০ বস্তা ইউরিয়া, ৪ বস্তা এমওপি এবং ১২ বস্তা ডিএপি সার। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত জামাল উদ্দিনকে 'সার ব্যবস্থাপনা আইন' অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত সার তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে অনুমোদিত ডিলারের নিকট মোট ৭০ হাজার ৬০০ টাকায় বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, কৃষকদের ন্যায্য মূল্যে সার পাওয়া নিশ্চিত করতে এবং কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ সার মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালিত হবে।

—জা. অর্থনীতি/এলএটি