সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি সারাবাংলা: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চাঁদনী বাজার এলাকায় প্রকৃত কৃষকদের বাদ দিয়ে অবৈধ অ-কৃষক ব্যবসায়ীর কাছে সার বিক্রির অভিযোগে এক ডিলার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ৬ বস্তা সার স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আইন অমান্য করে অবৈধ ব্যবসায়ীর কাছে নিয়মবহির্ভূতভাবে সার বিক্রির অপরাধে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অনুমোদিত সার ও বীজ ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স রেহান সীডস’কে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ডিলারের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, জব্দকৃত সারের বস্তাগুলো উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে। সারের বাজারে কৃত্রিম সংকট রোধ এবং অনিয়ম বন্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম পুনরায় ঘটলে উক্ত প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করা হতে পারে বলে তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানান, প্রান্তিক কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের সুষম ও সুষ্ঠু বিতরণ নিশ্চিতকরণ এবং যেকোনো ধরণের অনিয়ম রোধে উপজেলা কৃষি অফিসের এ ধরণের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি