ট্রাফিগুরার কাছে থেকে ৯ কার্গো এলএনজি কিনবে সরকার

জাতীয় অর্থনীতি অনলাইন: পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে ‘ট্রাফিগুরা পিটিই লিমিটেডের’ কাছ থেকে ৯ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে সায় দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৪ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৭ সাল পর্যন্ত এই সরবরাহের দর ধরা হয়েছে জেকেএম সূচক থেকে প্রতি এমএমবিটিইউতে ০.১০ ডলার কম। ট্রাফিগুরা পিটিই লিমিটেড হল সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান। দুই পক্ষের সম্মতিতে কার্গোর সংখ্যা কমবেশি হতে পারে বলে মঙ্গলবার কমিটির ৪৯তম সভায় এ সিদ্ধান্তের তথ্য দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

একই দিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি এলএনজি ক্রয় প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনের সুপারিশ করা হয়।

প্রথম প্রস্তাবে চেনিয়েরে মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা পিটিই লিমিটেড এর দেয়া সরবরাহ প্রস্তাব জি টু জি পদ্ধতিতে প্রক্রিয়াকরণের কথা বলা হয়েছে।

এছাড়াও দ্বিতীয় প্রস্তাবে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেড এফজেডই থেকে এলএনজি কেনার অনুমোদন দিয়েছে কমিটি।

—জা.অর্থনীতি/জেআরটি