গুজরাটে দেখা মিলল দুই মাথার বিরল সাপ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের দাহোদে একটি খামারবাড়িতে দেখা মিলেছে দুই মাথাওয়ালা বিরল প্রজাতির সাপের। অদ্ভুতদর্শন সাপটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সাপটির চলাফেরার একটি ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাপটির খোঁজ পেয়ে স্থানীয়রা ‘দাহোদ প্রকৃতি মিত্র মণ্ডল’-এর সদস্যদের খবর দেন। পরে ওই সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। সাপটিকে ‘উল্ফ স্নেক’ বা নেকড়ে সাপ হিসেবে শনাক্ত করা হয়েছে। এটি নির্বিষ এবং মানুষের জন্য ক্ষতিকর নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাপটির দুটি মাথা ও চারটি চোখ থাকার কারণ হিসেবে বিশেষজ্ঞরা ‘বাইসেফালি’ নামের একটি বিরল বিকাশগত অবস্থার কথা উল্লেখ করেছেন। এই অবস্থায় প্রাণীর একটি দেহের সঙ্গে দুটি মাথা তৈরি হয়। স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ, উভচর ও মাছের মধ্যেও এমন বিরল বৈশিষ্ট্য দেখা যেতে পারে। সাধারণত ভ্রূণের বিকাশের সময় দুটি ভ্রূণের অসম্পূর্ণ পৃথকীকরণ অথবা অস্বাভাবিক বিকাশের কারণে এ ধরনের অবস্থা তৈরি হয়।

প্রতিবেদন অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত পাঁচটি সাপের মধ্যে এমন বৈশিষ্ট্য দেখা গেছে। এর মধ্যে দুটি গোখরো এবং তিনটি উল্ফ স্নেক রয়েছে। দুই মাথা আলাদাভাবে সাড়া দিতে পারে বলে এ ধরনের প্রাণীকে চলাফেরা ও অন্যান্য স্বাভাবিক কাজে নানা সমস্যার মুখে পড়তে হয়।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সাদা রঙের একটি টেবিলের ওপর সাপটিকে ধীরে ধীরে চলতে দেখা যায়। বাদামি শরীরে সাদা ডোরাকাটা দাগ এবং সামনের দিকে দুটি পৃথক মাথা নেটাগরিকদের নজর কেড়েছে। ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

জা.অর্থনীতি/এসআই