আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর তিনি রাগ করে বাড়ি ছেড়ে চলে যান। এতে মানসিকভাবে ভেঙে পড়ে স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে ৮০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারে উঠে বসেন এক তরুণ। স্ত্রী বাড়িতে ফিরে না এলে তিনি টাওয়ার থেকে নামবেন না-এমন দাবিতে অনড় ছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মেরঠে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাঠের মাঝখানে স্থাপিত একটি মোবাইল টাওয়ারের একেবারে ওপরে উঠে দাঁড়িয়ে আছেন ওই তরুণ। তার পরনে ছিল শুধু প্যান্ট। নিচে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তারা বারবার তরুণকে নিরাপদে নিচে নেমে আসার অনুরোধ করেন। কিন্তু কারও কথাতেই সাড়া দেননি তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। তাদের পক্ষ থেকেও তরুণকে টাওয়ার থেকে নেমে আসার জন্য বোঝানো হয়। কিন্তু স্ত্রী ফিরে না এলে নামবেন না বলে নিজের অবস্থানে অনড় থাকেন তিনি।
পরে পুলিশ ও দমকলকর্মীদের দীর্ঘ চেষ্টায় তাকে টাওয়ার থেকে নিচে নামানো সম্ভব হয়।
ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নানা মন্তব্য করেন নেটাগরিকেরা। কেউ তরুণের কাণ্ডকে মজার চোখে দেখেছেন, আবার কেউ ঘটনাটিকে ‘শোলে’ সিনেমার বীরুর আধুনিক সংস্করণ বলে মন্তব্য করেছেন।
জা.অর্থনীতি/এসআই