রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক: বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

প্রকল্পের আওতায় নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, প্রাথমিক জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পে বিপিডিবির নিজস্ব তহবিল থেকে ৩৭৪ কোটি ৭১ লাখ টাকা এবং পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ড থেকে ২ হাজার ১২৩ কোটি ৩৭ লাখ টাকা অর্থায়ন করা হবে।

ফান্ডের ঋণের সুদের হার হবে ২ শতাংশ। এক বছরের গ্রেস পিরিয়ডসহ ১৬ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। প্রকল্পটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের মার্চের মধ্যে বাস্তবায়নের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।

রামপালের ব্লক-বিতে বিপিডিবির অধিগ্রহণ করা ৯১৮ দশমিক ৫০ একর জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হবে। ফলে নতুন করে জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। ইতোমধ্যে ওই এলাকায় ভূমি উন্নয়ন ও সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শেষ হয়েছে।

কেন্দ্রটিতে উৎপাদিত বিদ্যুৎ বিদ্যমান সঞ্চালন অবকাঠামো ব্যবহার করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

সরকার ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। স্রেডার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে প্রায় ১ হাজার ৮৭১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর মধ্যে সৌরবিদ্যুৎ ১ হাজার ৫৭৮ মেগাওয়াট।

জা.অর্থনীতি/এসআই