সাগরের পানির নিচে কি সূর্যের আলোতে বিদ্যুৎ উৎপাদন সম্ভব? কীভাবে?
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক:

 

সাগরের পানির নিচে কি সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব? ১০ মিটার গভীরে যেখানে ভূপৃষ্ঠের মাত্র ১০ শতাংশ আলো পৌঁছায়, সেখানেও সৌরকোষ কাজ করেছে। শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, সেই বিদ্যুৎ দিয়ে চার্জ হয়েছে ব্যাটারি, জ্বলেছে এলইডি আলো। চীনের বিজ্ঞানীদের এই পরীক্ষায় খুলছে পানির নিচে সৌরশক্তি ব্যবহারের নতুন সম্ভাবনা!

সাগরের পানির নিচে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন চীনের বিজ্ঞানীরা! দক্ষিণ চীন সাগরের উন্মুক্ত পানিতে ১০ মিটার গভীরতায় সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের সফল পরীক্ষা চালিয়েছেন তারা! পরীক্ষায় উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জ এবং এলইডি আলো জ্বালানো সম্ভব হয়েছে।

ইউনান বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের এই গবেষণার ফল ১১ সেপ্টেম্বর বিজ্ঞান সাময়িকী ‘জুল’ এ প্রকাশিত হয়। গবেষকেরা জানান, ১০ মিটার গভীরে ভূপৃষ্ঠের মাত্র প্রায় ১০ শতাংশ আলো পৌঁছায়। ফলে, প্রচলিত সিলিকন সৌরকোষ সেখানে ভালোভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারে না।
এই সমস্যা কাটাতে গবেষকেরা লেড-হ্যালাইড পেরোভস্কাইটের তৈরি বিশেষ সৌরকোষ ব্যবহার করেছেন। পানির নিচের নীলচে-সবুজ আলো থেকে এটি তুলনামূলকভাবে ভালোভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। লোনা পানি ও পানির চাপ থেকে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে পিএইচএমজি নামের বিশেষ রাসায়নিক উপাদান। পাশাপাশি বিউটাইল রাবার, কাচ ও স্বচ্ছ ইপোক্সি রেজিনের সুরক্ষা স্তর দেওয়া হয়েছে।

গবেষকদের পরীক্ষায় ছোট সৌরকোষ ৩৪ দশমিক ৭১ শতাংশ এবং বড় সৌরকোষ ২৯ দশমিক ৪ শতাংশ দক্ষতায় আলোকে বিদ্যুতে রূপান্তর করেছে। কৃত্রিম সমুদ্রের পানিতে ১০ মিটার গভীরে টানা এক হাজার ঘণ্টা আলোতে রাখার পরও সৌরকোষটি প্রাথমিক বিদ্যুৎ উৎপাদনের ৯৯ দশমিক ৫৮ শতাংশ ধরে রেখেছে।

পরে দক্ষিণ চীন সাগরের ওয়েইঝো দ্বীপের কাছে সমুদ্রেও পরীক্ষা চালানো হয়। পানির নিচের রোবটের সঙ্গে যুক্ত সৌরকোষ ২, ৬ ও ১০ মিটার গভীরে লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জ করে। দুই ঘণ্টা আলোতে ১০ মিটার গভীরে ৩২৪ মিলিওয়াট-ঘণ্টা বিদ্যুৎ জমা হয়। সেই বিদ্যুৎ দিয়ে এলইডি প্যানেলও জ্বালানো সম্ভব হয়েছে।

গবেষকদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে পানির নিচের সেন্সর, ক্যামেরা, যোগাযোগব্যবস্থা, রোবট ও ডুবোজাহাজে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহে ব্যবহার করা যেতে পারে।

সমুদ্রের নিচে সৌরবিদ্যুৎ?

সাগরের পানির নিচে কি সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব? ১০ মিটার গভীরে যেখানে ভূপৃষ্ঠের মাত্র ১০ শতাংশ আলো পৌঁছায়, সেখানেও সৌরকোষ কাজ করেছে। শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, সেই বিদ্যুৎ দিয়ে চার্জ হয়েছে ব্যাটারি, জ্বলেছে এলইডি আলো। চীনের বিজ্ঞানীদের এই পরীক্ষায় খুলছে পানির নিচে সৌরশক্তি ব্যবহারের নতুন সম্ভাবনা!

সৌরশক্তিতে চীনের নতুন সফলতা!

সাগরের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছেন চীনের বিজ্ঞানীরা! দক্ষিণ চীন সাগরে চালানো পরীক্ষায় পানির নিচের সৌরকোষ দিয়ে লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জ এবং এলইডি আলো জ্বালানো সম্ভব হয়েছে! কম আলোতে কাজ করতে ব্যবহার করা হয়েছে লেড-হ্যালাইড পেরোভস্কাইট সৌরকোষ। ১০ মিটার গভীরে ভূপৃষ্ঠের মাত্র প্রায় ১০ শতাংশ আলো পৌঁছালেও ছোট সৌরকোষ ৩৪ দশমিক ৭১ শতাংশ দক্ষতায় আলোকে বিদ্যুতে রূপান্তর করেছে।  

—জা. অর্থনীতি/এলএটি