লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে স্ত্রী মিতু আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি আতিকুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের দাড়ারপাড় মুন্সিটারী এলাকার মৃত হাবিবুর রহমান হবিয়ার ছেলে।

মামলার এজাহার ও আদালত জানায়, গত ২০২১ সালে আতিকুলের সাথে বিয়ে হয় মিতু আক্তারের। বিয়ের পরে তাদের সংসারে এক মেয়ে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এতে অভিমান করে বাবার বাড়ি চলে যান মিতু আক্তার। পরে স্থানীয়রা আপোষ করে দিলে পুনরায় স্বামীর বাড়ি চলে আসেন মিতু আক্তার।

বাংলাদেশি ভেবে নিজ দেশের ২ নাগরিককে গুলি করল বিএসএফ

এর ১৫/২০ দিন পরে গত ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রাতে পুনরায় তাদের মাঝে বিবাদ লাগলে স্বামী আতিকুল লাঠি দিয়ে স্ত্রী মিতু আক্তারকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্ত্রীর মরদেহ ফেলে পালিয়ে যান স্বামী। পরদিন সকালে ৫ মাস বয়সী শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয়রা ঘরে ঢুকে মিতু আক্তারের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় নিহত মিতু আক্তারের বাবা বাদি হয়ে আতিকুল ইসলামের সদর থানায় বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় গত ২০২৪ সালের ৪ জুলাই স্বামী আতিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আদালত এ মামলায় ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করে মঙ্গলবার আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলা হয়, স্ত্রী মিতু আক্তারকে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেও রায়ে উল্লেখ করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম মিলন বলেন, স্ত্রী মিতু আক্তারকে হত্যার দায়ে স্বামী আতিকুলকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

—জা. অর্থনীতি/এনজে