কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই চোরাচালানিকে আটকসহ ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্ট পিস ও ওষুধসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিজিবি ২২ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে গোপন সংবাদের ভিত্তিতে সমন্বিত পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত অতিক্রমের সময় সীমান্তভিত্তিক চোরাচালানি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় অবৈধ ইয়াবা ট্যাবলেট, বিপুল পরিমাণ থ্রি-পিস ও প্যান্টের কাপড়, ওষুধ এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জব্দকৃত মালামাল শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন জানায়, সীমান্তে যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোখা ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের গোয়েন্দা নজরদারি ও টহল অভিযান অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি