৯ মাসে মালয়েশিয়ায় ৩৭ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের প্রথম নয় মাসে ৩৭ হাজার ৩১৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ সময়ে দেশজুড়ে ১০ হাজার ৩৭৪টি অভিযান পরিচালনা করা হয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এসব অভিযানে ১ লাখ ৩৭ হাজার ৬০৩ জনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই করা হয়। অবৈধ অভিবাসীদের পাশাপাশি তাদের নিয়োগ ও আশ্রয়দাতাদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছে।

মন্ত্রী জানান, এ সময়ে অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়ার অভিযোগে ১ হাজার ৮০৯ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬৯২ জন মালয়েশিয়ার নাগরিক।

সাইফুদ্দিন বলেন, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে শুধু অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে না; যারা তাদের নিয়োগ দেন বা আশ্রয় দেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে। ২০২৩ সালে এ ধরনের ঘটনায় ৩৪৬ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে ১ হাজার ৮৫৯ এবং গত বছর ২ হাজার ২০২ জনে দাঁড়ায়।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগ প্রতিদিনই অভিযান চালিয়ে যাবে। অবৈধ প্রবেশ, জাল নথি ব্যবহার ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশিদের বৈধ পথে মালয়েশিয়ায় প্রবেশ এবং দেশটির অভিবাসন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় না দিতে নিয়োগকর্তা ও মালয়েশিয়ার নাগরিকদের সতর্ক করা হয়েছে।

জা.অর্থনীতি/এসআই