আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের সুরাটে এক তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার বাবাকে অপহরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন শহরের নির্মাণ ব্যবসায়ী মুকেশ নাহাটার ছেলে ঋষভ নাহাটা। অপর দুজন হলেন আদাজানের বাসিন্দা দেব কেতন আহির এবং উমরগামের বাসিন্দা লক্ষ্মণ রাঠোর।
পুলিশ জানায়, গত ১ অক্টোবর ঋষভ দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে যান। সেখানে তার মেয়েকে পাওয়া যায়নি। মেয়ের সঙ্গে কেন যোগাযোগ হচ্ছে না, তা নিয়ে তিনি তার বাবার সঙ্গে কথা বলেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। অভিযোগ, এরপর তিনজন মিলে পিস্তল দেখিয়ে ব্যবসায়ীকে জোর করে তুলে নিয়ে যান।
ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই অপহরণকারীদের অবস্থান সুরাটের সিটি লাইট এলাকায় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, ঋষভের সঙ্গে ওই ব্যবসায়ীর মেয়ের আগে সম্পর্ক ছিল। পরে ওই তরুণী তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যোগাযোগ বন্ধ করে দেন। এতে ঋষভ ক্ষুব্ধ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে ঋষভ দাবি করেন, তার এক নারী বন্ধুকে ওই তরুণী ফোনে গালিগালাজ করেছিলেন। বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাইতেই তিনি ওই পরিবারের বাড়িতে গিয়েছিলেন। তবে তরুণীকে বাড়িতে না পেয়ে তার বাবার সঙ্গে কথা বলেন বলে দাবি করেন তিনি।
পুলিশের ভাষ্য, দেব ঋষভের বন্ধু এবং অপহরণে ব্যবহৃত পিস্তলটি তার কাছে ছিল। লক্ষ্মণ নির্মাণ ব্যবসায়ীর প্রতিষ্ঠানে কাজ করেন। তিনজনেরই অপরাধমূলক কর্মকাণ্ডের অতীত রেকর্ড রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ৪১ লাখ ৪০ হাজার রুপি মূল্যের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
জা.অর্থনীতি/এসআই