আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা রাজ্যে দ্রুতগতির বিলাসবহুল গাড়ির ধাক্কায় স্কুটারে থাকা তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৯ বছর বয়সী গাড়িচালক সুহাইল সাজিভকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার পর তার ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর পুরোনো ভিডিও প্রকাশ্যে আসায় ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পুলিশ জানায়, রবিবার (১১ অক্টোবর) রাত ১টা ৪৫ মিনিটের দিকে কেরালার এরনাকুলাম জেলার নেদুম্বাসেরিতে এ দুর্ঘটনা ঘটে। সুহাইলের চালানো মিনি কুপার গাড়িটি পেছন থেকে একটি স্কুটারকে ধাক্কা দেয়। স্কুটারটিতে থাকা দেবিকা (২১), গোপিকা (২২) ও ইজাজ (২১) বিমানবন্দর এলাকার দিকে যাচ্ছিলেন। ধাক্কায় তিনজনই সড়কে ছিটকে পড়েন। গাড়িটি প্রায় ১০০ মিটার পর্যন্ত স্কুটারটিকে টেনে নিয়ে যায় বলে জানা গেছে। ঘটনাস্থলেই দেবিকা ও গোপিকার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান ইজাজও।
এ ঘটনায় সুহাইলের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা হয়েছে। দুর্ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশের সন্দেহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে সুহাইলের মা জানান, ছেলের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে জন্মদিনের উপহার হিসেবে তাকে মিনি কুপার গাড়িটি কিনে দিয়েছিলেন।
পুলিশের হাতে আসা কয়েকটি ভিডিওতে সুহাইলকে ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালাতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার আগে সুহাইলকে মদ পরিবেশন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। কেরালার আবগারি মন্ত্রী এম লিজু এ ঘটনায় সংশ্লিষ্ট বারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যটিতে মদ্যপানের বৈধ বয়স ২৩ বছর।
জা.অর্থনীতি/এসআই