৪৩তলার বারান্দা থেকে তরুণের ঝাঁপ, ঘটনাস্থলেই মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নয়ডার সেক্টর-৯৪-এর সুপারনোভা সোসাইটির ৪৩তলা থেকে ঝাঁপ দিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত তরুণের নাম সম্ভব জৈন। তিনি গুরুগ্রামের আইএমটি মানেসার এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার এক দিন আগে সম্ভব সুপারনোভা সোসাইটিতে একটি রুম বুক করেছিলেন। শনিবার সকাল ১১টা ২৭ মিনিটের দিকে তিনি বহুতলের বারান্দার বাইরে গিয়ে ঝুলতে শুরু করেন। পাশের ৪২২৭ নম্বর ঘরে তখন কয়েকজন এসি মেরামতকারী কাজ করছিলেন। তারা বিষয়টি দেখতে পেয়ে বাইরে এসে সম্ভবকে বারান্দার ভেতরে ফিরে আসার জন্য বোঝানোর চেষ্টা করেন।

পুলিশের দাবি, ওই সময় সম্ভব এসি মেরামতকারীদের জানান, তিনি তীব্র হতাশায় ভুগছেন এবং আর বাঁচতে চান না। এরপরই তিনি বারান্দা থেকে নিচে ঝাঁপ দেন। মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বহুতলের বারান্দার বাইরের কার্নিশে দাঁড়িয়ে রয়েছেন। নিচে থাকা লোকজনকে আতঙ্কে চিৎকার করতে শোনা যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

পুলিশ জানিয়েছে, সম্ভবের কাছ থেকে একটি ভিডিও উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি আর্থিক সমস্যার কথা উল্লেখ করে আত্মহত্যার কথা জানিয়েছিলেন বলে তদন্তকারীদের দাবি। ভিডিওটি আরও পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে।

এ ছাড়া তার মোবাইল ফোন থেকে বাবার সঙ্গে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটও উদ্ধার করা হয়েছে। সেখানে আত্মহত্যার কথা লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে সেক্টর-১২৬ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সূত্র: আনন্দবাজার

জা.অর্থনীতি/এসআই