ইবিতে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স চালু
ছবি: জাতীয় অর্থনীতি

ইবি প্রতিনিধি: দেশের শীর্ষস্থানীয় ২২টি কোম্পানির অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থান উপযোগী করে তুলতে কারিকুলামে ৩ ক্রেডিট সমমানের ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স চালুর ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

শনিবার (৩ অক্টোবর) সকালে ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কোলাবোরেশান প্রোগ্রামে ঘোষণা দেন উপাচার্য।

ইবি উপাচার্য বলেন, বর্তমান প্রযুক্তির যুগে আমাদের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণার একটি মৌলিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সাথে শিক্ষার্থীদের শিক্ষা কারিকুলামে যদি সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় প্রত্যাশিত স্থান করে নিতে সক্ষম হবে না।

শিল্প মালিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, রিসার্চ, অ্যাকাডেমিক এবং এনগেজমেন্ট- এই মর্মে আপনাদের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় এমওইউ করার ক্ষেত্রে সদাপ্রস্তুত এবং সবসময় আমাদের দ্বার আপনাদের জন্য উন্মুক্ত। আপনারা শুনে খুশি হবেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক অথরিটি একাডেমিক কাউন্সিল প্রত্যেকটি ডিসিপ্লিনে ৩ ক্রেডিট ১০০ নম্বরের জন্য ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স কারিকুলামে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উপাচার্য জানান, এই কারিকুলামের অন্তর্ভুক্তির পেঁছনে প্রধান কারণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ, রিসার্চ এবং তাদের যোগ্যতা অনুযায়ী সার্বক্ষণিকভাবে আমাদের একটি এনগেজমেন্ট তৈরি করতে পারে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রি গুলো একে অপরের সাথে সবসময় সম্পৃক্ত থাকব।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আবুল খায়ের গ্রুপ, বেটোপিয়া গ্রুপ, টেলিটক, ইনোফিক্স আইটি সলিউশনস লিমিটেড, বেনকিউ, টেকনোডেরা, টিপি-লিংক বাংলাদেশ, সিঙ্গার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রাজবাড়ী জুট মিলস লিমিটেড, গ্রামীণফোন, আকিজ রিসোর্স, মেটাডোর ডিস্ট্রিবিউশন লিমিটেড, বিকাশ, বিআরবি কুষ্টিয়া, ডিবিসি নিউজ, গোল্ডেন জুট এবং ব্র্যাক-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।  

—জা. অর্থনীতি/এলএটি