উদ্যোক্তা ইবিয়ান, আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা
ছবি: জাতীয় অর্থনীতি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সফল উদ্যোক্তা অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমানের বিশেষ উদ্যোগে ইবি এবং স্থানীয় শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের আইইএলটিএস (IELTS) ও ফাউন্ডেশন ইংলিশ শেখার পূর্ণাঙ্গ সেবা চালু হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়াতেই তার পরিচালিত আন্তর্জাতিক শিক্ষা ও ভিসা কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘গোয়িং ফ্লাই’ (goingFly)-এর শেখপাড়া শাখায় এই প্রশিক্ষণ দেওয়া হবে। উচ্চশিক্ষা ও আইইএলটিএস প্রস্তুতির জন্য অনার্স-মাস্টার্স শেষ করে ঢাকায় যাওয়ার যে বিপুল সময় ও অর্থের অপচয় হয়, তা রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় ‘গোয়িং ফ্লাই’-এর শেখপাড়া ব্রাঞ্চে এ বিশেষ আইইএলটিএস প্রিপারেশন কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।

উদ্যোক্তা অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার শিক্ষার্থীদের মূল সমস্যা তথ্যের ঘাটতি ও সঠিক দিকনির্দেশনার অভাব। নিজ এলাকার অনুজ ও শিক্ষার্থীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই ঢাকার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সেবাকে সরাসরি হাতের নাগালে নিয়ে আসা হয়েছে।”

আইইএলটিএস পরীক্ষায় আধুনিক কম্পিউটার ভিত্তিক কাঠামোর চাহিদাকে মাথায় রেখে শেখপাড়া শাখায় ইতিমধ্যেই পূর্ণাঙ্গ কম্পিউটার সেটআপ তৈরি করা হচ্ছে। ঢাকার শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মে দীর্ঘদিন সফলভাবে ক্লাস নেওয়া অভিজ্ঞ মেন্টর মাহাদুর রহমানসহ সিনিয়র শিক্ষকমণ্ডলী সরাসরি শেখপাড়ায় শিক্ষার্থীদের পাঠদান করবেন।

বিশেষ প্যাকেজের আওতায় আইইএলটিএস কোর্স (১৫,০০০ টাকা), ফাউন্ডেশন ইংলিশ (৫,০০০ টাকা) এবং মক টেস্ট (৫,০০০ টাকা)-মোট ২৫,০০০ টাকার অল-ইন-ওয়ান প্যাকেজটি উদ্বোধনী দিনসহ আগামী তিন দিনের মধ্যে ভর্তি হলে শিক্ষার্থীরা মাত্র ১০,০০০ টাকায় সম্পন্ন করতে পারবেন। এছাড়া, তিন মাসের কোর্স সম্পন্ন করার পরও দক্ষতা বৃদ্ধি না পেলে শতভাগ কোর্স ফি ফেরতের গ্যারান্টি দেওয়া হয়েছে।

ইবি শিক্ষার্থীদের জন্য কোর্স ফি-তে বিশেষ ছাড় এবং ‘গোয়িং ফ্লাই’-এর সৌজন্যে সম্পূর্ণ ফ্রি ফাইল প্রসেসিং ও ব্যাংক স্পন্সরশিপ বিষয়ে সার্বিক দিকনির্দেশনা প্রদান করা হবে বলে জানানো হয়।  

—জা. অর্থনীতি/এলএটি