বিদ্যুৎ ও জ্বালানি সংকট: বিশ্বব্যাংকের বিশেষ প্রতিদিধি দল ঢাকায়

অনলাইন ডেস্ক: দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবকাঠামো খাতের সংস্কারে সহায়তা করতে চায় বিশ্বব্যাংক। এ লক্ষ্য সামনে রেখে সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন নীতিনির্ধারক ও সংস্থার সঙ্গে বৈঠক করতে বিশ্বব্যাংকের একটি চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ (০৩ অক্টোবর) ঢাকায় পৌঁছেছে।

সফরটি ৩ অক্টোবর শুরু হয়ে আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের অবকাঠামো বিষয়ক আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর পঙ্কজ গুপ্তের নেতৃত্বে প্রতিনিধি দলটি এই সফরে অংশ নিচ্ছে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের অপারেশনস ম্যানেজার গেইল এইচ মার্টিন সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকীকে চিঠি দিয়ে চার দিনের এই সফরের বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিনিধি দলটি সফরকালে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নীতিগত পর্যালোচনার পাশাপাশি জ্বালানি আমদানির অর্থায়ন, সরবরাহ নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি প্রসার, খাতভিত্তিক সংস্কার, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের মতো অগ্রাধিকারমূলক বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসবে।

ইআরডিকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করার কৌশল নির্ধারণে সরকার ও বিশ্বব্যাংকের যৌথ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা। পাশাপাশি বিশ্বব্যাংকের অর্থায়নে দেশে চলমান ও পাইপলাইনে থাকা বিভিন্ন জ্বালানি প্রকল্পের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা হবে।

—জা.অর্থনীতি/আইবিএম