নিকলীতে শতবর্ষী পুকুর ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় স্থানীয়রা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে একটি শতবর্ষী পুকুর ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

উপজেলার ৩নং কারপাশা ইউনিয়নের মজলিশপুর বড়হাটি গ্রামের ৭নং ওয়ার্ডে অবস্থিত এই পুকুরটি ভরাট হলে এলাকার প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক মজলিশপুর গ্রামের একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, এই পুকুরটি মূলত সরকারি সম্পত্তি। কিন্তু এলাকার একটি প্রভাবশালী চক্র এটিকে নিজেদের দাবি করে জোরপূর্বক বালু দিয়ে ভরাট করে ফেলছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘকাল পুকুরটি এলাকার পানি নিষ্কাশন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি সম্পূর্ণ ভরাট হয়ে গেলে সামান্য বৃষ্টিতেই এলাকাজুড়ে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হবে, যার ফলে চরম দুর্ভোগে পড়বেন হাজার হাজার মানুষ।

মেয়েকে রাসেল ভাইপারের দংশন, সাপ নিয়ে হাসপাতালে বাবা

প্রাকৃতিক জলাধার আইন লঙ্ঘন করে এভাবে পুকুর ভরাটের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এই অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নিকলী উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোমিন ভূইয়া বলেন, পুকুর ভরাটে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবো।

—জা. অর্থনীতি/এনজে