নোবিপ্রবি প্রতিনিধি: দেশের বৈদেশিক মুদ্রা আয়, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে পর্যটন শিল্পের প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে নোবিপ্রবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে সকালে বেলুন উড়িয়ে ও কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ব পর্যটন দিবস পালনের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সম্প্রদায় এবং পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি মেলবন্ধন গড়ে তোলা। ঐতিহ্য রক্ষার পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করা আমাদের দায়িত্ব। দেশের বৈদেশিক মুদ্রা আয়, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে পর্যটন শিল্পের প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে।
হোসেনপুরে কাশফুলের সৌন্দর্য দেখতে ভিড়
র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হুদাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি শেষে শহীদ ক্যাডেট সার্জেন্ট রুমি ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী অংশ নেন।
উল্লেখ্য, বিশ্ব পর্যটন দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। জাতিসংঘের সদস্য দেশগুলোতে ১৯৮০ সাল থেকে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।
—জা. অর্থনীতি/এনজে